দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে জনবহুল ঢাকার মানুষ। মূলত নির্মাণ কাজের অনিয়ন্ত্রিত ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।
এদিকে দূষিত বাতাসের শহরের তালিকায় খারাপের দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রবিবার (১৫ মার্চ) সকাল ৯টা ৩৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬৩। অর্থাৎ এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
প্রতিবেদনে জানা যায়, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় থাইল্যান্ডের চিয়াং মাই ও সৌদি আরবের রিয়াদ যথাক্রমে ৩৬২ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
এছাড়া একিউআই স্কোর যদি ১৫১ থেকে ২০০ এর মধ্যে হয় তাহলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
উল্লেখ্য, একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। বাতাসে সূচকের মান ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরা হবে। আবার একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। তবে একিউআই স্কোর যদি ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হয় তাহলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এইসময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।
আনন্দবাজার/শাহী









