বাংলাদেশেই এবার উদ্ভাবিত হলো যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে করোনাভাইরাস সনাক্তকরণ পদ্ধতি। সম্প্রতি এই পদ্ধতি উদ্ভাবন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ এবং কার্ডিওকেয়ার জেনারেল ও স্পেশালাইজড হাসপাতালের একদল গবেষক।
গবেষকরা হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ডা. আবু নাসের জাফর উল্লাহ, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. এবিএম আলাউদ্দিন চৌধুরী, মো. লিয়াকত আলী, মো. হাবিবুর রহমান, মো. নাসের ও মো. মেহেদী হাসান।
গবেষকরা জানান, ফুসফুসের বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে রেডিওলোজি একটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। করোনাভাইরাস নির্ণয়েও রেডিওলোজি তথা ‘চেস্ট রোডিওলোজি’ মডেল এবং কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।
গবেষকরা আরও জানান, এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন এক ধরণের সফটওয়্যার তৈরি করেছেন যে সফটওয়্যারটি রোগীর বুকের এক্সরে এবং ফুসফুসের সিটি স্ক্যানের ছবি বিশ্লেষণের মাধ্যমে ‘করোনাভাইরাস’ সনাক্ত করতে সাহায্য করবে।
গবেষণা থেকে জানা যায়, এই সফটওয়্যারের মাধ্যমে ৯৬ ভাগ সঠিকভাবে ‘করোনাভাইরাস’ নির্ণয় করা যাবে। গবেষকরা রোগের সফটওয়্যার তৈরির পাশাপাশি একটি ওয়েবসাইটও তৈরী করছেন। যথাযথ কর্তপক্ষের অনুমোদন পাওয়া গেলে এই ওয়েবসাইটে রোগীর এক্সরে ছবি আপলোড করার মাধ্যমে করোনাভাইরাস সহ যেকোন ফুসফুসজনিত রোগ সনাক্ত করা সম্ভব হবে।
আনন্দবাজার/শাহী









