পৌষ মাস শুরু হতে না হতেই রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সারাদেশ জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা থাকার সম্ভাবনা রয়েছে আরও পাঁচ দিন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। বাতাসের বাড়তি আর্দ্রতায় হিমশিম খাচ্ছে নগরবাসী। তাই গরম কাপড় গায়ে দিয়ে, কানটুপি ও গলায় মাফলার পেঁচিয়ে রাজধানীর মানুষ ঘর থেকে বের হচ্ছেন। প্রচন্ড শীতে ভীড় লেগে গেছে কাপড়ের দোকানগুলোতে।
আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কয়া হয় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেও বুধবার রাজধানীতে তাপমাত্রা সর্বনিম্ন ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, 'বাতাসে আদ্রতা যে হারে বাড়ছে সে হারে যদি গতিবেগ বাড়তে থাকে তাহলে তীব্র শীতে ঢাকা থাকবে রাজধানী। সেক্ষেত্রে, উত্তরের জেলাগুলোয় শীতের তীব্রতা আরও প্রকট আকার হবে। তিনি আরও জানান রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে ২১ ডিসেম্বরের পর আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।'
তিনি জানান, উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তা থাকতে পারে আরও পাঁচ দিন। ২৪ ডিসেম্বরের শীতের তাপমাত্রা আরও বাড়তে পারে। কুয়াশাও কিছুটা কমতে পারে। তবে জানুয়ারির শুরুতে আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।
আনন্দবাজার/শাহী









