করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অবস্থার মতো ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাই আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা উৎপাদন বাড়াতে পারলে অন্যদেশের কাছে হাত বাড়াতে হবে না, এমনকি উদ্বৃত্ত থাকলে আমরা তাদের সাহায্য করতে পারব। আজ মঙ্গলবার গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, করোনা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটি প্রলয় সৃষ্টি করেছে। এটি দুর্ভাগ্যজনক। এর কারণে আজ সারাবিশ্ব স্থবির। তার প্রভাবও বাংলাদেশে পড়েছে এবং এটা খুব স্বাভাবিক। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়।
শেখ হাসিনা বলেন, আমরা অর্থনৈতিক যে গতিশীলতা সৃষ্টি করেছিলাম সেটাও থেমে গেছে করোনার কারণে, এটা শুধু আমাদের দেশে না সারাবিশ্বে। এটা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে আমি কাজ করার আহ্বান জানাচ্ছি।
আনন্দবাজার/রনি









