বাংলাদেশে নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাস নিয়ে অনলাইনে মাধ্যমে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।
ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ভাইরাস শনাক্ত হলো ৪৯ জনের শরীরে। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও চারজন। এদের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব।
এর মধ্যেই ৯২ হাজার টেস্ট কিট সংগ্রহ করা হয়েছে বলে এসময় জানায় সংস্থাটি। এছাড়া দেশের প্রায় সকল মেডিকেল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।
এদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে।
আনন্দবাজার/রনি









