চামড়া পণ্য ও জুতা কারখানা শিল্প খাতের শ্রমিকের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সম্প্রতি বোর্ড সদস্যদের নাম ঘোষণার পর একাধিক সভা করে নিম্নতম মজুরি বোর্ড। এছাড়া বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যরা ঢাকা জেলায় অবস্থিত আর্কুবালিনো ফুটওয়্যার লিমিটেড ও মাতৃঘর লিমিটেড এবং গাজীপুর জেলায় অবস্থিত ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেডে উপস্থিত হয়ে নানা কার্যক্রম পর্যবেক্ষণ এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। সেখানে মালিক প্রতিনিধিত্বকারী সদস্য এবং শ্রমিক প্রতিনিধিত্বকারী সদস্যরা মজুরি প্রস্তাব দাখিল করেন।
ওই বোর্ডে প্রস্তাবিত মজুরিসহ শ্রমিকদের জীবনযাপনের মান উন্নয়ন, উৎপাদন খরচ, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য, দেশের এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে সরকারের কাছে মজুরি হারের খসড়া সুপারিশ পেশ করে।
জানা গেছে, মজুরি বোর্ডের প্রস্তাবিত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গত ২ সেপ্টেম্বর জারি হওয়া প্রজ্ঞাপনটি গেল ৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী চামড়াজাত পণ্য ও জুতা কারখানায় শ্রমিকরা ছয়টি গ্রেডে বিভক্ত। গ্রেড-১-এ রয়েছেন তিন পদধারী শ্রমিক। গ্রেড-২-এ পদ রয়েছে ১৯টি। গ্রেড-৩-এ পদ রয়েছে ২২টি। ২৪টি পদ আছে গ্রেড-৪-এ। গ্রেড-৫-এ পদ মোট ২৫টি। সর্বশেষ গ্রেড-৬-এ শ্রমিকদের পদ আছে ২৪টি।
গ্রেড-৬-এর শ্রমিকদের মূল মজুরি মাসিক ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি ভাড়া ১ হাজার ৭৫০ টাকা। চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা। খাদ্য ভাতা বাবদ শ্রমিকরা মাসে পাবেন ৯০০ টাকা। সব মিলিয়ে সর্বনিম্ন গ্রেড-৬-এর শ্রমিকরা মাসে মোট ৭ হাজার ১০০ মজুরি টাকা চূড়ান্ত নির্ধারণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই ব্যাপারে চামড়াজাত পণ্য ও জুতা প্রস্তুত এবং রফতানিকারকদের সংগঠন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) জানিয়েছে, সংগঠনটির বর্তমান সদস্য কারখানা সংখ্যা ২২০। এ কারখানাগুলোর অধীনে শ্রমিক রয়েছেন ৬৮ হাজার।
আনন্দবাজার/এইচ এস কে









