সারাদেশে মানববন্ধন
জেলা প্রশাসকদের (ডিসি) এডিপিভুক্ত প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রকৌশলীরা। ওই চিঠির নির্দেশনা অনুযায়ী ডিসিদের কোনো তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গত ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুই ইসলাম এ চিঠি প্রেরণ করেন। এদিকে চিঠির আদেশ বাতিলের দাবিতে দেশের ৬৪ জেলা, আইইবির ১৮ কেন্দ্র ও ৩৩টি উপকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রকৌশলীরা জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আগে বিভাগীয় ভাবে এডিপি শতভাগ প্রকল্পের মূল্যায়ন ও পরিবীক্ষণ করা হতো এখন সেটি রহিত করে জেলা প্রশাসনের মাধ্যমে করার লক্ষ্যে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এটি যৌক্তিক নয়। কারণ সিভিল প্রশাসন প্রকৌশলগত কাজের পরিবীক্ষণ ও মূল্যায়ন যুক্তিসঙ্গত নয়। অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করা না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সঙ্গে নিয়ে কর্মবিরোতিসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
টাঙ্গাইল
টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রকৌশলীরা। সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), বিসিএস পাবলিক ওয়ার্ক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিুকল ইসলাম, বিদ্যৎউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক (প ও স সার্কেল) প্রকৌশলী ওবায়দুল ইসলাম, এলজিইডির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী ফজলুর রহমান, আইইবি টাঙ্গাইল উপকেন্দ্রের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার সাইদ আল খালিদ সোপান, সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার, সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম, গণপূর্তের উপসহকারি প্রকৌশলী কাজী তাজিন প্রমুখ।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন(আইইবি)। খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রাণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলা প্রশাসক তদারকি কেন করবেন। এনটা হলে বাংলাদেশের উন্নয়নের বাধাগ্রস্ত হবে বলে মনে করেন প্রকৌশলীরা। মানববন্ধনে এলজিইডি, সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত বিভাগ, শিক্ষাপ্রকৌশলী অধিদপ্তর, পিডিবি, পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রকৌশলীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আইইবি স্থানীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আইইবি আশুগঞ্জ কেন্দ্রীয় সম্মানী সম্পাদক প্রকৌশলী কোমরুজ্জামান ভূঁইয়া, প্রকৌশলী আবুল হায়াত মো. বদিউজ্জামান, প্রকৌশলী মো. শাহ আলম পিইঞ্জ, প্রকৌশলী মো. আব্দুল মজিদসহ আইইবি প্রকৌশলীবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র। জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেট এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান, সড়ক ও চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক প্রমুখ।
লক্ষ্মীপুর
দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী, সিনিয়র সহকারী প্রকৌশলী মামুন খান, লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকৌশলী শহিদুল ইসলাম, লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।
নীলফামারী
সকালে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সড়ক ও জনপথ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, পাউবো সৈয়দপুর পওরের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহ্মুদ প্রমুখ।
বান্দরবান
বান্দরবানে মানববন্ধন করেছে বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীরা। সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমুঞ্চ চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইডিইবি) এর প্রকৌশলীরা অংশ নেন। এসময় বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত জিল্লুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামালউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনজেল মোরশেদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শরীফুজ্জামান, অংসুইপ্রু মারমাসহ বান্দরবানের গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর-এলজিইডি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সকল প্রকৌশল বিভাগ/অধিদপ্তরের প্রকৌশলীরা অংশ নেন।









