- চলতি আমন মৌসুমে প্রায় আট লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- আমন ধানের সরকারি ক্রয়মূল্য বাড়ানো হয়েছে
- মিলারদের চালের ক্রয়মূল্য কেজিতে ৩ টাকা বাড়িয়ে কেজি ৪০ টাকা
- কৃষকের ধানের ক্রয়মূল্য কেজিতে ১ টাকা বাড়িয়ে কেজি ২৭ টাকা
চলতি ২০২১-২২ অর্থবছরের আমন মৌসুমে প্রায় আট লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি, যা গতবারের তুলনায় প্রায় ৫০ হাজার টন কম। ৭ নভেম্বর শুরু হতে যাওয়া সংগ্রহ মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য বাড়ানো হয়েছে। এক্ষেত্রে মিলারদের চালের দাম ৩ টাকা বাড়ানো হলেও কৃষকের ধানের দাম বাড়ছে মাত্র ১ টাকা। গতকাল খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার আমন ধানের সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ২৭ টাকা, চালের মূল্য প্রতি কেজি ৪০ টাকা ও গমের মূল্য প্রতি কেজি ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে। এবারে তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে। এছাড়া আগামী ১ এপ্রিল থেকে দেড় লাখ টন গম কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে ৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে।
মূলত প্রান্তিক চাষীদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিতেই প্রতি বছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করে সরকার। অবশ্য আগে আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। ২০১৯ সাল থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে। এতে মাঠ পর্যায়ে ধানের দাম ভালো পাচ্ছেন কৃষক। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে দুই লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়। চলতি বছর তা এক লাখ টন বাড়িয়ে তিন লাখ টনে উন্নীত করা হয়েছে।
২০২০ সালের আমন মৌসুমে দুই লাখ টন ধান, ছয় লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ছিল। গত বছর প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ও ৩৭ টাকা কেজি দরে সেদ্ধ চাল কেনা হয়েছিল। গত বছরও সংগ্রহ অভিযান শুরু হয়েছিল ৭ নভেম্বর।
গত ২৭ অক্টোবর পর্যন্ত দেশে খাদ্যশস্যের সরকারি মোট মজুদ ছিল ১৫ লাখ ২১ হাজার টন। এর মধ্যে চাল ১৩ লাখ ৬৩ হাজার টন ও গম ১ লাখ ৫৩ হাজার টন। এছাড়া ধানের মজুদ আছে প্রায় আট হাজার টন। তবে চলতি আমন মৌসুমে সরকারের সংগ্রহের পরিমাণ আরো বাড়ানোর প্রয়োজন ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি খাদ্যের নিরাপত্তা মজুদও বাড়াতে চায়। বোরো ধান সংগ্রহে সফল হয়েছে সরকার। সে ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে।
সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানও বক্তব্য রাখেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তাদের মতামত তুলে ধরেন।
আনন্দবাজার/শহক









