- দিনাজপুরে তরমুজ বিক্রি হচ্ছে কেজিতে
দিনাজপুরে এবার তরমুজের পর আনারস বিক্রি হচ্ছে কেজিতে। প্রতি কেজি আনারসের দাম হাকা হচ্ছে ৬০ টাকা। তাও আবার পাতাসহ। তীব্র গরমে দিনাজপুরের সর্বত্র হাট-বাজার, ফুটপাত কিংবা রিকশাভ্যানে ৫০ টাকা কেজিতে তরমুজ ও ৬০ টাকা কেজিতে আনারস বিক্রি হচ্ছে। যা পিচ হিসেবে বিক্রির কথা ছিলো। জেলার হাট-বাজারে দেদারসে কেজি দরে আনারস-তরমুজ বিক্রি হলেও যেনো দেখার কেউ নেই।
সরেজিমনে দেখা যায়, সড়কের পাশের আনারস ব্যবসায়ীরা ৬০ টাকা কেজি দরে আনারস বিক্রি করছে। কোথাও কোথাও সবজির দোকানে একইভাবে তরমুজ ও আনারস বিক্রি হচ্ছে কেজি দরে।
দিনাজপুর শহরে বাহাদুর বাজার এলাকার আনারস বিক্রেতা আসাদ, রুস্তম বলেন, আড়ৎ থেকে আনারস কিনে আনি। দাম বেশি হওয়ায় আমাদের কেজি দরে বিক্রয় করতে হয়। এতে যে পরিমাণ লাভ হয় তাতে আমরা ঝুঁকিতে থাকি। কারণ অনেক ফল পচে নষ্ট হয়। এতে আমাদের বেশি লাভ হয় না।
পৌরসভা সড়কে ফুটপাতে তরমুজ কিনতে আসা বিপ্লব বলেন, ছোট একটি তরমুজ ওজন ৪ কেজি। যার দাম ২০০ টাকা। এর মিষ্টি বা স্বাদ নাই। পরিপ্ক্ক একটি তরমুজ মিষ্টি হয় স্বাদ হয় তার ওজন ৮-থেকে ১০ কেজি, যার মূল্য ৪০০ থেকে ৫০০ টাকা। এতো টাকা দিয়ে আমাদের মত মানুষের তরমুজ কিনে খাওয়া অসাধ্য ব্যাপার।
ষাটোর্ধ তহিদুল ইসলাম বলেন, বাড়িতে নাতির জ্বর। সকালে আনারস খেতে চেয়েছে সে। বাজারে এসে শুনি আনারস ৬০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। তাও আবার পাতাসহ। না কিনেই চলে এসেছি। আগে ছিলো পিচ হিসেবে বিক্রি, এখন কেজি হিসেবে। তিনি আরো বলেন, সরকার আর বাজার নিয়ন্ত্রণ করতে পারবেনা। দেশে যার দাম একবার বাড়ে তা আর কমেনা, দেখেন সয়াবিন তেলের অবস্থা রডের অবস্থা। প্রধানমন্ত্রীকে, সময় থাকতে বাজারের লাগাম টেনে ধরা দরকার।









