কৃষকদের ধানের ন্যায্যমূল্য দেওয়ার জন্য সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনার মাধ্যমে বাগেরহাটে আমন ধান ক্রয় সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদে (ইউপি) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।
আমনের ক্রয় কার্যক্রম শুরু করার সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ধান বিক্রি করতে আসা প্রান্তিক চাষিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উক্ত অনুষ্ঠানে ডিসি মো. মামুনুর রশীদ জানান, 'বর্তমান সরকার একজন কৃষি বান্ধব সরকার। কৃষকদের সবরকম সুযোগ-সুবিধা দিতে সরকার স্থানীয় বাজার দরের থেকে বেশি মূল্যে ধান ক্রয় করছে'। তিনি আরও জানান কৃষকরা সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করবে। তিনি হুশিয়ার করে বলেন এই ধান ক্রয় ও বিক্রয়ে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নিলে জেলা প্রশাসন সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেক্ষ্য অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ এর আওতায় ০১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত বাগেরহাট জেলার নয়টি উপজেলা থেকে প্রায় ছয় হাজার ৫২৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে বাগেরহাট জেলা খাদ্য বিভাগ।
আনন্দবাজার/শাহী









