৩০ জুন পর্যন্ত ভ্যাট মওকুফ
দামে লাগাম
- পৌনে দুই কোটি লিটার তেল কিনবে টিসিবি
- এক কোটি পরিবার আসবে টিসিবির আওতায়
- নিতপ্রয়োজনীয় পণ্য মিলবে প্রতিটি ইউনিয়নে
- সয়াবিন উৎপাদন-ভোক্তায় ভ্যাট মওকুফ
তেলের গরম টগবগে মানুষের দুর্দশার অন্ত নেই। এই পর্যায়ে সরকার পৌনে দুই কোটি লিটার তেল কিনতে চাচ্ছে। আর আসন্ন রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ (ভ্যাট) মওকুফ করা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভোক্তারা এসব পণ্য বেশি কেনায় রমজান মাসে চাহিদা বেড়ে যায়। সে কারণে দামও থাকে ঊর্ধ্বমুখী। ভোক্তা যাতে সাশ্রয়ী দামে পণ্যগুলো কিনতে পারে সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, জনগণকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নিয়ে আসা হবে। যারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয়, তাদের প্রতিরোধে এই উদ্যোগ নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির সক্ষমতা বাড়ানো হবে। দেশের সব ইউনিয়ন পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ (ভ্যাট) মওকুফ করা হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার ৭ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নবম সভাটি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সচিবালয়ে।
এদিন অর্থনৈতিক কমিটির অনুমোদনের জন্য দুটি এবং সরকারি ক্রয়-কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ৪টি উপস্থাপনসহ) ১৩টি প্রস্তাব উত্থাপন করা হয়। সরকারি ক্রয় এর প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৪টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। সরকারি ক্রয়-কমিটির অনুমোদিত ১৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৮১৬ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে এক হাজার ৭৮৪ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা এবং বিশ্বব্যাংক ঋণ এক হাজার ৩১ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৭৯২ টাকা।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১নং প্রস্তাবনা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৬০টি মাল্টিপাপোস এক্সিসিবল রিস্কি বোট বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’ এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)র কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাস্থ ‘সাবরাং ট্যুরিজম পার্ক’-এর ‘ল্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন সাবরং পার্ক’ প্যাকেজ নং-ডব্লিউ-৯ এর পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) টিডিসি এবং (২) জেটএইচইসি, ঢাকার নিকট থেকে ১৮০ কোটি ৭৯ লক্ষ ৯ হাজার ২৪৮ টাকায় ক্রয়ের অনুমোদন।
২ নং প্রস্তাবনা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর) কর্তৃক ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন, মানিকগঞ্জ (১ম সংশোধিত)’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ১৭৪ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ৭৮৯ টাকার অনুমোদন।
৩ নং প্রস্তাবনা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ৩৭৯ কোটি ৫২ লক্ষ ৫৭ হাজার ৩০০ টাকার অনুমোদন।
৪ নং প্রস্তাবনা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৩ তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্ত কাজ মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১১৯ কোটি ৩৬ লাখ এক হাজার ৩৬১ টাকায় ক্রয়ের অনুমোদন।
৫ নং প্রস্তাবনা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট একটি লাইব্রেরি ভবন নির্মাণ পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) এমবিপিএল এবং (২) এটিসিএল এর নিকট থেকে ১০১ কোটি ৮৫ লক্ষ ৮৫ হাজার ৭৮৬ টাকায় ক্রয়ের অনুমোদন।
৬ নং প্রস্তাবনা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১টি ১০তলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) এমজেসিএল এবং (২) এমএনএইচএল এর নিকট থেকে ১৩৭ কোটি ৪২ লক্ষ ২৪ হাজার ৮৬৩ টাকায় ক্রয়ের অনুমোদন।
৭ নং প্রস্তাবনা: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ কর্তৃক ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১: (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ১এর লট -১ এর পূর্ত কাজ চাইনা হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৬০১ কোটি ৬২ লাখ ৫০ হাজার ৪৪ টাকায় ক্রয়ের অনুমোদন।
৮ নং প্রস্তাবনা: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ কর্তৃক ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১: (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (১ম সংশোধিত)’ প্যাকেজ নং-ডব্লিউ১এ এর লট-২ এর পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) গলফ কোবল, এইএই এবং (২) কর্ণফুলি বাংলাদেশ এর নিকট থেকে ১৫৪ কোটি ২১ লক্ষ ৩৫ হাজার ১৬৪ টাকায় ক্রয়ের অনুমোদন।
৯ নং প্রস্তাবনা: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ কর্তৃক ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১: (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (১ম সংশোধিত’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ১এ এর লট-৩ এর পূর্ত কাজ জয়েন্ট ভেঞ্চার অব (১) ডার্টি ড্রেজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লি. ভারত এবং (২) বঙ্গ ড্রেজার্ট লি. বাংলাদেশের নিকট থেকে ২৭৫ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৫৮৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
টেবিলে উপস্থাপন করা বিষয়গুলোর মধ্যে ছিল (১) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র (১) মেঘনা সুগার রিফাইন্ড লিমিটেডের কাছ থেকে ৭ হাজার টন চিনি ৫৫ কোটি ৩০ লাখ টাকায় এবং (২) সিটি সুগার ইনডাস্ট্রিজ লি. এর নিকট থেকে ৭ হাজার টন চিনি ৫৫ কোটি ৩০ লাখ টাকায় অর্থাৎ মোট ১৪ হাজার টন চিনি সর্বমোট ১১০ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন।
(২) টিসিবির জন্য (১) সেনা কল্যাণ সংস্থার নিকট থেকে ২ হাজার টন ছোলা ১৬ কোটি ২৮ লাখ টাকায়; (২ এম/এস ব্লু স্কাই এন্টারপ্রাইজর নিকট থেকে ৪ হাজার টন ছোলা ৩২ কোটি ৫৬ লক্ষ টাকায় এবং (৩) রবি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৪ হাজার টন ছোলা ৩২ কোটি ৫৬ লাখ টাকায় অর্থাৎ মোট ১০ হাজার টন ছোলা সর্বমোট ৮১ কোটি ৪০ লাখ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন।
(৩) টিসিবির জন্য (১) শবনাম ভেজিটেবল ওয়েল ইনডাস্ট্রিজ লিমিটেড (২) ইয়াস সাভিস লি. (৩) পর্ব ইন্টারন্যাশনাল (৪) এম/এস রায় ট্রেডার্স (৫) প্লানটেজিক ইন্টারকরাপশন (৬) বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং (৭) বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে মোট ১৯ হাজার ৫০০ টন মশুর ডাল ২১১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায় সরাসরি অনুমোদন।
(৪) টিসিবির জন্য (১) সেনা ইডিবল ওয়েল ইনডাস্ট্রিজ লি. (২) সুপার ওয়েল রিফাইন্ড লিমিটেড (৩) মেঘনা ইডিবল ওয়েলস রিফাইনারি লি. (৪) সিটি ইডিবল ওয়েলস লিমিটেড (৫) বসুন্ধা মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড এবং (৬) শানসিং ইডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে মোট ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় সরাসরি ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।









