সপ্তাহের ব্যবধানে মাছ-মাংসের দাম বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। তবে কমেছে ডিম, পেঁয়াজ-রসুনসহ সবজির দাম।
এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি গরু, মহিষ ও খাসির মাংসের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮০ টাকা কেজি। মহিষে মাংস ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। খাসির মাংস ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৩০ টাকা কেজি। বকরি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।
এদিকে বেড়েছে মাছের দামও। কেজি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে ১১০০ টাকা, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা, ছোট ইলিশ আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, পাইকার বাজারে মালের সংকট বা দাম বেশি হলে খুচরায় দাম বেড়ে যায়। এখন গরু মহিষের দাম বেশি হওয়ায় আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তবে ক্রেতারা বলছেন, রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সব পণ্যের দাম বাড়িয়ে দেন। এখন থেকেই তারা মাছ-মাংসের দাম বাড়িয়ে দিচ্ছেন। রমজানে অবস্থা আরও খারাপ হবে। তাই এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা না হলে রমজানে অস্থিরতা দেখা দেবে।
আনন্দবাজার/ টি এস পি









