দেশে খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে সরকার। রপ্তানির তুলনায় আমদানি যাতে কম হয় সে দিকে লক্ষ্য রাখতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, আমরা রপ্তানিকে প্রাধান্য দিয়ে থাকি। কোনোভাবেই যেন রপ্তানির তুলনায় আমদানি বেশি না হয়। সে ব্যাপারে জোরালো পদক্ষেপ নেবে সরকার। বিশ্ব ব্যাংকের মার্চ মাসের একটি প্রতিবেদন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তাদের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে গত এক বছরে গমের দাম বেড়েছে ৩৮ শতাংশ, গরুর মাংস ৩৫, মুরগি ৩৮ ও জিএসপি সারের দাম বৃদ্ধি পেয়েছে ৬৫ শতাংশ।
সরকারি ক্রয় কমিটির বিষয় উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক-কমিটির অনুমোদনের জন্য একটি এবং সরকারি ক্রয়-কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হলে স্থানীয় সরকার বিভাগের ২টি প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়। তাতে মোট অর্থের পরিমাণ ছিল ২৮৪ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৪৫৯ টাকা।
মন্ত্রী জানান, ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ৩টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, শিল্প মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ১১টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ৬২৬ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৪৬৯ টাকা। সেখান থেকে ২টি প্রস্তাবের অর্থায়ন বাদ দিয়ে ৫৩৪০ কোটি ৯৬ লাখ ১০ টাকার অনুমোদন দেয়া হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবগুলো হলো- প্রথম প্রস্তাবনা: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের ৫০ হাজার মে.টন (+৫ শতাংশ) গম এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লি. ইন্ডিয়ার নিকট থেকে ১৭২ কোটি ৫ লাখ ৮ হাজার ৯০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
২নং প্রস্তবনা: শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ১৫ হাজার মেট্রিক টন (+১০ শতাংশ) রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন, ঢাকা (প্রধান সরবরাহকারী: মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই) হতে ৯৫ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
৩ নং প্রস্তাবনা: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পিটি. বুমি সেইক পুসাকো জেপিন, ইন্দোনেশিয়া হতে ১ লাখ মে.টন (১০ শতাংশ+) হাই সালফার ফার্নেস অয়েল ৫৮৮ কোটি টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
৪ নং প্রস্তাবনা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি-ইডিসি’ প্রকল্পের আওতায় চীনের নিকট থেকে জি টু জি সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রয়োজনীয় পণ্য, ভৌত কাজ এবং সেবা চীনের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান এম/এস চাইনা রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কো. লি. এর নিকট থেকে ৩ হাজার ৯৭৪ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৪৯৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
৫ নং প্রস্তাবনা: রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত মিটারগেজ রেলওয়ে লাইনকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের এসডি-১ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন ভেঞ্চার অফ (১) আরভি অ্যাসোসিয়েট আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্স প্রা. লি. ইন্ডিয়া; (২) স্টাপ কন্সালটেন্ট প্রা. ইন্ডিয়া এবং (৩) ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্স লি. বাংলাদেশকে ৭৫ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ২৯০ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।
৬ নং প্রস্তাবনা: রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘বাংলাদেশ রেলওয়ের খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ’ প্রকল্পের এসডি-১ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন ভেঞ্চার অফ (১) আরভি অ্যাসোসিয়েট আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্স প্রা. লি. ইন্ডিয়া; (২) স্টাপ কন্সালটেন্ট প্রা. ইন্ডিয়া এবং (৩) ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্স লি. বাংলাদেশকে ৮৭ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৮৯ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।
৭ নং প্রস্তাবনা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নিমাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-৯৮ এর আওতায় জামালপুর জেলার সদর উপজেলাধীন নান্দীনা জিসি-লসমনপুর আরএইচডি সড়ক ভায়া লহ্মীরচর ইউপি সড়কে ব্রহ্মপুত্র নদীর উপর ৬০৬ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ এম/এস চৌধুরী এন্টারপ্রাইজ এর নিকট থেকে ১০৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩৫১ টাকায় ক্রয়ের অনুমোদন।
৮ নং প্রস্তাবনা: ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নিমাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-৯১ এর আওতায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম-চাতলপাড় জিসি সড়ক ভায়া বাঙ্গালপাড়া বাজার সড়কে মেঘনা নদীর ওপর ১০০০ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ টমা কন্সট্রাকশন অ্যান্ড কো. লি. এর নিকট থেকে ১৭৭ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৮ টাকায় ক্রয়ের অনুমোদন।
৯ নং প্রস্তাবনা: সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-০৬ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব বাতিলপূর্বক পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেয়া হয়েছে।
১০ প্রস্তাবনা: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০২ এর পূর্ত কাজ জয়েন ভেঞ্চার অব (১) মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লি. (২) র্যালিয়েবল বিল্ডার্স লি. এবং (৩) এম/এস সালেহ আহমেদের নিকট থেকে ১৬৯ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৮২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
১১ নং প্রস্তাবনা: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর “মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি-০৩ এর পূর্ত কাজ জয়েন ভেঞ্চার অব (১) এম/এস সালেহ আহমেদ (২) মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লি.এবং (৩) র্যালিয়েবল বিল্ডার্স লি. এর নিকট থেকে ১৭৮ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৮০৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রস্তাবনাটি ছিল স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কক্সবাজার জেলার স্থানীয় জনগণসহ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি এবং জেন্ডার সহিংসতা পরবর্তী সেবা প্রদানের লক্ষ্যে ‘হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ অপারেশনাল প্ল্যানের আওতায় গ্লোবাল ড্রাগ ফেসিলিটি (জিডিএফ) হতে ফার্স্টলাইন টিবি ড্রাগস সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়।
সরকারের প্রকল্প অনুমোদন সম্পর্কে মুস্তফা কামাল বলেন, ঋণ উঠে আসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রকল্প নেয়া হয়। যদি এ দুটি বিষয়ে ভালো ফল না থাকে আমরা প্রকল্প নিই না। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক সামষ্টিক অর্থনীতির জন্য যা কল্যাণকর সে মোতাবেক কাজ করবে।
আনন্দবাজার/শহক









