বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে এবার ঈদুল আজহার ছুটি তিনদিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এবার ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না, তিনদিনই থাকবে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।
মন্ত্রীপরিষদ সচিব জানান, সোমবার মন্ত্রীসভার বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।
তিনি জানান, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা, সেবার মান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার যুগাপোগী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের অনুচ্ছেদ ৩.১৯ এ সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে মর্মে সরকারের লক্ষ্য ও পরিকল্পনা গৃহীত হয়েছে। সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলায় 'শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়' স্থাপনে প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আনন্দবাজার/টি এস পি









