- ফলন- কম দামে লোকসানের শঙ্কায় চাষিরা
- লিচু সংরক্ষণে হিমাগার স্থাপন জরুরি
সারা দেশে পাবনার ঈশ্বরদীর লিচুর সুখ্যাতি রয়েছে। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও ঈশ্বরদীর লিচুর যথেষ্ট সুনাম রয়েছে। তবে ঈশ্বরদীতে এবার লিচুর বাম্পার ফলন হলেও লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। তবে জেলা কৃষি অফিস জানিয়েছে, এবার ৫০০ কোটি টাকার লিচু ক্রয়-বিক্রয় হবে ঈশ^রদীতে।
জানা যায়, ঈশ্বরদী উপজেলার, জয়নগর, মিরকামারী, দাঁদপুর, জগন্নাথপুর, আওতাপাড়া, সিলিমপুরসহ তৎসংলগ্ন এলাকাতে লিচু চাষ হয়। বর্তমানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। লিচুর ঝরে পড়া ও পঁচনরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চাষিরা।
দাঁদপুর এলাকার লিচু চাষি বিলাল হোসেন বলেন, লিচুর মুকুল থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতি হাজারে একজন চাষির সর্বসাকুল্যে খরচ ২ হাজার টাকা। সেখানে এবার পুরো উপজেলাজুড়ে লিচুর যে পরিমান উৎপাদন দেখা যাচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমান ক্রেতা এবং সঠিক দাম না পেলে প্রতিটি লিচু ব্যবসায়ীকেই সর্বশান্ত হতে হবে।
লিচু চাষি জনি ইসলাম বলেন, লিচু চাষ করে প্রতিবছরই ক্ষতির সম্মুক্ষিণ হতে হয়। কেননা লিচু গাছ বছরে একবার ফল দেয়, সেটাও আবার অনিশ্চিত। যদি কোনো বছর মুকুল না আসে তাহলে লোকসান গুনতে হয়।
জয়নগর বাজারের লিচু ব্যবসায়ী শামসুজ্জোহা তালুকদার বলেন, বর্তমানে জয়নগর বাজারে আটি লিচুতে ভরপুর হলেও বোম্বাই লিচু সামান্য আসতে শুরু করেছে। লিচুর বাজার এখানে যথাক্রমে, আটি লিচু ৯শ’ টাকা হাজার থেকে ১৫শ’ টাকা হাজার পর্যন্ত এবং বোম্বাই লিচু ১২শ’ থেকে ২১শ’ টাকা হাজারে ক্রয়-বিক্রয় হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, পাবনায় এবার মোট ৪ হাজার ৭৩১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু ঈশ্বরদীতেই রয়েছে ৩ হাজার ৬৫০ হেক্টর। বাকি আবাদ রয়েছে সদর, আটঘরিয়া ও চাটমোহরে। চলতি মৌসুমে বাম্পার ফলনের কারণে ৪২ হাজার ৫৭৯ মেট্রিক টন লিচু পাওয়ার প্রত্যাশা রয়েছে। গত মৌসুমের হিসাবে যার বাজার দর প্রায় ৭০০ কোটি টাকা। এর মধ্যে ঝড়বৃষ্টিতে কিছু লিচু নষ্ট হয়। এ ছাড়া উৎপাদন বেশি থাকায় দাম কিছুটা কম রয়েছে। এতে বর্তমান দাম হিসাবে ৫০০ কোটি টাকার লিচু বিক্রি হতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মিজানুর রহমান বলেন, চলতি বছর লিচুর ফলন উপযোগী আবহাওয়া রয়েছে। গ্রীষ্মের শুরুতে বড় আকারের ঝড়বৃষ্টি না হওয়ায় বাম্পার ফলন পাওয়া যাবে। তিনি বলেন, উপজেলাটিতে যে পরিমাণ লিচু উৎপাদন হয়, সে বিবেচনায় এখানে লিচু সংরক্ষণাগার (হিমাগার) প্রয়োজন।









