রাজধানীর উত্তরায় দৃশ্যমান হয়ে উঠেছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ স্টেশন। করোনার প্রকোপে যেখানে বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে, সেখানে নির্ধারিত সময়েই কাজ শেষ করার পাশাপাশি খরচও বাড়বে না বলে আশা ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় পুরোদমে চলছে মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। কাজ চলছে মেট্রোলাইনের পিয়ার হেড বসানোর। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মোট ৯০টি খুঁটির ওপর বসানো হবে পিয়ারহেড। গত আগস্ট পর্যন্ত ৩৭টি বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়া পুরোদমে কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আরও ৩টি পয়েন্টে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ধাপের আগারগাঁও থেকে কারওয়ান বাজার ও কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের কাজ প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। তবে বর্তমানে মেট্রো প্রকল্পের সবচেয়ে বেশি অগ্রগতি দৃশ্যমান হয়েছে উত্তরা থেকে আগারগাঁও অংশে। এ অংশে ৪ ভাগের ৩ ভাগ কাজই শেষ। দৃশ্যমান পৌনে ১২ কিলোমিটারের মধ্যে প্রায় ১১ কিলোমিটার উড়ালপথ। চলছে ৯টির মধ্যে ৬টি স্টেশন নির্মাণের কাজ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এম এ এন সিদ্দিক বলেন, ডিসেম্বরের ভেতরে আমাদের ৫টি মেট্রোরেল নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। ৮টা স্টেশনের ফেব্রিকেশন এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সেগুলো সংযোজন চলছে।
করোনা প্রকোপের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে মেট্রোরেল প্রকল্পে কাজ হয়েছে প্রায় ৩ শতাংশ। কিন্তু মার্চে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাজ হয়েছে গড়ে মাসে ১ শতাংশ করে। যদিও নির্ধারিত সময়েই কাজ শেষ করার বিষয়ে আশাবাদী প্রকল্প ব্যবস্থাপক।
আনন্দবাজার/ডব্লিউ এস









