সুন্দরবনের প্রতি বছরই বেড়ে চলেছে বাঘের সংখ্যা। এ বছর সুন্দরবনে বেড়েছে আটটি বাঘ। আর বাঘের সংখ্যা বাড়ায় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। দেশটির সুন্দরবন অংশে প্রায় দু’মাস ধরে ক্যামেরা বসিয়ে গণনা করে ভারতীয় বন দফতর।
সুন্দরবনের ভারতীয় অংশে এই বাঘের সংখ্যা বেড়েছে। এর আগে দেশটির অংশে বাঘের সংখ্যা ছিল ৮৮টি। নতুন পরিসংখ্যানে তা বেড়ে হয়েছে ৯৬টি। সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার পরিসংখ্যান থেকে এই তথ্য জানিয়েছে দেশটির বন দফতর। একসঙ্গে আটটি বাঘ বৃদ্ধির ঘটনা সুন্দরবনের ভারতীয় অংশে এটাই প্রথম।
এদিকে সর্বশেষ পরিসংখ্যানে সুন্দরবনের বাংলাদেশ অংশে বেড়েছিল আটটি বাঘ। ২০১৮ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। যা ২০১৭ সালে ছিল ১০৬টি। ২০১৯ সালের ২২ মে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের বন বিভাগ।
গত বছর সুন্দরবনের বিভিন্ন এলাকায় ৫৭৮টি ক্যামেরা বসিয়ে বাঘ গণনা শুরু করে ভারতের বন দফতর এবং ব্যাঘ্র প্রকল্প। তাদের এই বাঘ গণনায় সাহায্য করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)।
এ বিষয়ে ভারতের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সুন্দরবনের বাঘ বাড়ার ঘটনা সত্যিই ইতিবাচক। এই সংখ্যাটা পরবর্তীতে যাতে সেঞ্চুরি অতিক্রম করে তার দিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দরবনের বাঘ বাড়ার ঘটনা থেকে বোঝা যায় যে সুন্দরবনের বন্যপ্রাণীরা যথেষ্ট সুরক্ষিত। এছাড়া বাঘ বাড়াতে গেলে আগামী দিনে ম্যানগ্রোভ বন বাড়াতে হবে।
এ বিষয়ে দেশটির ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা ড. সুধীর চন্দ্র দাস জানান, সুন্দরবনের জঙ্গলে বাঘ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো সুন্দরবন বাঘের উপযুক্ত আবাসস্থল। তাছাড়া প্রতিটি বাঘের ‘হ্যাবিচুয়াল অ্যাকশন’ সেটিও সুন্দরবনে দারুণভাবে কার্যকারী হচ্ছে।
আনন্দবাজার/রনি








