করোনা ভুয়া রিপোর্ট, করোনার জাল সার্টিফিকেট সরবরাহ এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতারের জন্য যখন হন্যে হয়ে খুঁজছিলেন। তখন সাহেদ সাতক্ষীরায় একটি মাছের ঘেরে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার এড়ানোর জন্য সাহেদ চারদিন যাবৎ মাছের ঘেরে লুকিয়ে ছিলেন।
দুর্নীতি ও প্রতারণার অভিযোগে এ পর্যন্ত অর্ধশতাধিক মামলা দায়ের হলেও গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন বলেও জানানো হয়।
এদিকে, করোনার চিকিৎসার প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সাহেদের সহযোগী মাসুদ পারভেজেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও সাহেদের আরেক সহযোগী ও প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলীর দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি শেষে মোহাম্মদ সাহেদকে পুনরায় ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আনন্দবাজার/শহক








