বিশ্ববাজারে হঠাৎ হু হু করে দাম বেড়েছে প্যালেডিয়াম ধাতুর। গত কয়েকদিনে এই ধাতুর দাম লাফিয়ে বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। বর্তমানে এক আউন্স (২৮.৩৫ গ্রাম) প্যালেডিয়ামের দাম ২ হাজার পাঁচশ ডলার। আর যে হারে দাম বাড়ছে তাতে শিগগিরই এ ধাতুর দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা।
বিশ্বের বেশিরভাগ প্যালেডিয়াম ধাতুর খনি রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়। গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ‘ক্যাটালিটিক কনভার্টার’ তৈরির জন্য মূলত বাণিজ্যিকভাবে এই ধাতু বেশি ব্যবহার করা হয়। এই ক্যাটালিটিক কনভার্টার গাড়ির দূষিত গ্যাস নির্গমন অনেকটাই কমাতে সহায়তা করে। প্যালেডিয়ামের ৮০ শতাংশের বেশি এই যন্ত্রে ব্যবহার করা হয় যেটা বিষাক্ত গ্যাস কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডকে কম ক্ষতিকর নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্পে রূপান্তরিত করার কাজ করে। সম্প্রতি এই ধাতুর দাম এতই বেশি হয়েছে যে,যার ফলে বিশ্বব্যাপী গাড়ির ক্যাটালিটিক কনভার্টার চুরির ঘটনা বেড়ে গেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে, ২০১৯ সালের প্রথম ছয় মাসে যে পরিমাণ গাড়ি চোর ধরা পরেছে, সেটা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।
মূলত চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় প্যালেডিয়ামের এই দাম বৃদ্ধি। গতবছরের পূর্বাভাস বলা হয়, ২০১৯ সালে যে পরিমাণে এই ধাতু উৎপাদন করা হয় তা চাহিদা তুলনায় অনেক কম এবং আগামী ৮ বছরে বিশ্বে এর যে পরিমাণ চাহিদা তৈরি হবে সেই তুলনায় যোগানও রয়েছে অনেক কম।
এদিকে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর কাছ থেকে প্যালেডিয়ামের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পেট্রোল চালিত গাড়ি থেকে বায়ু দূষণ কমানোর নিয়ম-কানুন কঠোর করায় তারা বাধ্য হয়ে প্যালেডিয়াম ধাতু ব্যবহারের দিকে যাচ্ছে।
আনন্দবাজার/শহক









