যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়। বিদায় দিতে নাহি চাইলেও কবিতার পঙক্তির মতো বিদায় নিয়ে নিল আরও একটি বছর। কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধের পরও আনন্দ উৎসব আর রঙ-বেরঙের ফানুস উড়িয়ে, আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ-২০২০ কে বরণ করেছে রাজধানীবাসী।
বুধবার (১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে আতশবাজির শব্দে ভেসে আসে ঢাকাবাসীর কানে। সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ হাজার হাজার ফানুসে আলোকিত হয়ে ওঠে রাজধানীর আকাশ।
প্রতিটি বাড়ির ছাদে ছাদে রঙ-বেরঙের ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করছে নানা বয়সের মানুষ। এসময় এক আনন্দের জোয়ার ভাসেছে রাজধানীর মানুষ কাছে। এ যেন কোনো বাধাই আনন্দে ভাগ বসাতে পারেনি রাজধানীবাসীর।
নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর ভিতরে সবচেয়ে বেশি আনন্দমুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে আনন্দে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নতুন বছরের নতুন স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক সবার জীবন, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। শুভ নববর্ষ ২০২০।
আনন্দবাজার/এম.কে








