বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (হু) অর্থায়ন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এর অন্যতম বড় দাতা যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ ব্যাপারে তার প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি মহামারির প্রথম থেকেই হু চীনের পক্ষ নিয়ে কথা বলছে বলে অভিযোগ ট্রাম্পের।
প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে জানান, চীনে এই ভাইরাসটির উৎপত্তির পর এর মোকাবিলায় তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের দেয়া তথ্যের ওপরেই বিশ্বাস করেছে তারা। এর অর্থায়ন বন্ধের জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি এবং এই নিষেধাজ্ঞা চলমান থাকবে।
জাতিসংঘের এই অঙ্গ-সংস্থাটির মোট বাজেটের ১৫ ভাগই যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। গত বছর সংস্থাটিকে ৪০০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি।
মঙ্গলবার ট্রাম্পের এই ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হঠাৎ করে যুক্তরাষ্ট্র সংস্থাটিকে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সূত্র: বিবিসিআনন্দবাজার/তা.তো









