- ৩৮ বছরের আগের টার্মিনালে যানজট-ভোগান্তি
- প্রধান সড়কের দু’পাশে রাখা হয় ট্রাক
পর্যটন আর উন্নয়ন কার্যক্রমে খাগড়াছড়ির সড়কে তিন দশকে ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। তবে ট্রাকের সংখ্যা আর যাত্রীদের চাপ বাড়লেও বড় হয়নি পুরোনো টার্মিনাল। ফলে প্রধান সড়কের দু’পাশে ট্রাকের সারিতে বেড়েছে যানজট আর ভোগান্তি।
১৯৮৪ সালে খাগড়াছড়ি জেলা ঘোষিত হওয়ার দুই বছর পর ১ একর জমিতে গড়ে তোলা হয় কেন্দ্রিয় ট্রাক ও বাস টার্মিনাল। পরবর্তীতে ৩ দশকের বেশি সময় পার হলেও খাগড়াছড়ি গড়ে উঠেনি বড় কোনো ট্রাক টার্মিনাল। খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে চেঙ্গিসেতু এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে অসংখ্যা ট্রাক রাখা হয়। সড়কের পাশে গাড়ি রাখায় যানজট ও দুর্ঘটনা ঘটছে প্রায়ই।
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির কর্মকর্তা মমিনুল হক বলেন, আমাদের কোনো ট্রাক টার্মিনাল নেই। একটি টার্মিনাল খুবই প্রয়োজন। এ রুটে ৪শ’ট্রাক নিয়মিত যাওয়া-আসা করে। টার্মিনালের অভাবে চেঙ্গি স্কয়ার এলাকা থেকে চেঙ্গিসেতু পর্যন্ত সড়কের দুই পাশে ট্রাক রাখতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিজস্ব ট্রাকটার্মিনাল না থাকার কারণে চুরি ও হয়রানির ঘটনা ঘটছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা রঞ্জিত দে বলেন, আগের মেয়র আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাপ দেখিয়েছেন। কীভাবে আধুনিকভাবে টার্মিনাল করা যায়। জমি অধিগ্রহণ শেষে বাজেট পাশ হয়েছে এমনটাই জানিয়ে ছিলেন। তবে ওনার কথামত কিছুই হয়নি। তবে বর্তমান মেয়র নির্মলেন্দু চৌধুরীর সঙ্গে যোগাযোগ হয়েছে। মেয়র বলেছেন, টার্মিনাল নির্মাণের কথা বলেছেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর বলেন, খাগড়াছড়ি টার্মিনালের বয়স ত্রিশ বছর। জেলা হওয়ার পর থেকে এ টার্মিনাল প্রতিষ্ঠিত হয়। ট্রাক রাখার কোনো ব্যবস্থা নেই। সব গাড়ি রাখাতো দূরের কথা অর্ধেক গাড়ি রাখা যায় না। দিনদিন গাড়ির সংখ্যা বাড়ছে। খাগড়াছড়িতে একটি ট্রাক টার্মিনাল নির্মাণ জরুরি।
খাগড়াছড়ি পুলিশ পরির্দশক (শহর ও যানবাহন) সুপ্রিয় দেব বলেন, কাঠ, ঝাড়ু ও বনজ সম্পদগুলো পরিবহনের জন্য দুর-দুরান্ত থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল থেকে অনেক ট্রাক আসে। এ ক্ষেত্রে গাড়িগুলো নতুন কোনো ট্রাক টার্মিনাল না থাকার কারণে সড়কের ওপর রাখতে হয়। তিনি আরও বলেন, আমরা প্রশাসনিকভাবে যতই আইনি ব্যবস্থা নেই না কেনো এর থেকে উত্তোরণের পথ দেখি না। এ সমস্যা সমাধানের একটাই পথ হচ্ছে বড় একটা ট্রাক টার্মিনাল লাগবে। টার্মিনাল করা হলে মানুষের দুর্ভোগ কমবে। দুর্ঘটনা কমে আসবে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, যে ট্রাক টার্মিনাল আছে এখানে সবগাড়ি রাখা যায় না। ট্রাক টার্মিনাল করতে জিরোমাইল এলাকায় জায়গা কেনা হয়েছে। পৌরসভা পক্ষ থেকে ট্রাক টার্মিনাল ওই দিকে নিয়ে যেতে পারলে দুই পাশে রাখাসহ গাড়ির চাপ কমবে।









