পাকিস্তানে জন্ম নেয়া পঙ্গপালের একটি বিশাল বাহিনী সরাসরি ভারতের রাজস্থানের আজমেরেতে হানা দিয়েছে। নতুন নতুন জায়গা থেকে এ বাহিনীর আরও জন্ম হচ্ছে। জুনের মধ্যে আরও হামলা হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
তবে, পঙ্গপালের আক্রমণ খুব দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে জানিয়েছে ভারত সরকারের পঙ্গপাল সতর্ককারী সংস্থা (এলডব্লিউও)।
প্রতিষ্ঠানটির উপপরিচালক কেএল গুরজার জানান, আজমেরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি ঝাঁক হামলে পড়েছে। এটিকে প্রতিহত করতে আমরা প্রস্তুতি নিয়েছি। দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে।
এর আগে জানুয়ারিতে রাজস্থানে পঙ্গপালের একটি ছোট ঝাঁক প্রবেশ করেছিল। তারা প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করে।
এফএও তাদের একটি সর্তক বাণীতে জানায়, মে ও জুন মাসে বিভিন্ন দেশে পঙ্গপালের হানা ভয়ানকভাবে হতে পারে। পাকিস্তানের বেলুচিস্তানে এক ঝাঁক পঙ্গপালের জন্ম হয়েছে। এদের সঙ্গে আরো কয়েকটি গ্রুপ যুক্ত হয়ে ভারতের রাজস্থানে গত ২ মে প্রবেশ করেছে। ২২ জুন থেকে আরো নতুন নতুন জায়গা থেকে পঙ্গপালের কয়েকটি গ্রুপ ভারতে প্রবেশ করতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইমস
আনন্দবাজার/শহক









