ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুবিধা নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন সংখ্যায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। ইসির ওয়েবসাইটে রবিবার (৭ ডিসেম্বর) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সোয়া দুই লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, লিবিয়া, মোজাম্বিক, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশে এই নিবন্ধন চলছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত মোট নিবন্ধন দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ২২৬ জনে, যা ক্রমাগত বাড়ছে।
ইসির জানিয়েছে, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের কাছে ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার। ভোটার ব্যালট পূরণ করে নির্দিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ফেরত পাঠাবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশন ৫০ লাখ প্রবাসী ভোটারকে টার্গেটে রেখে এই কার্যক্রম পরিচালনা করছে।









