চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনীর বিশাল জায়গা নিয়ে গড়ে উঠছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। আর এতে দেশী-বিদেশী বিনিয়োগে চলছে শিল্প স্থাপনের কাজ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে এ শিল্পনগরে স্থাপিত একাধিক কারখানায় উৎপাদন শুরু হবে।
জানা যায়, আগামী এক মাসের মাঝে এ শিল্পনগরে পণ্য উৎপাদনে যাচ্ছে রাসায়নিক উৎপাদক চীনা কোম্পানি জেনিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এ কারখানায় চীনা কোম্পানি জেনিয়ান শুরুতে লেড নাইট্রেট তৈরি করবে । প্রতিষ্ঠানটি পরবর্তী ধাপে অন্য কেমিক্যাল প্রস্তুত করতে বিনিয়োগ করবে । জেনিয়ান কেমিক্যালের বাংলাদেশ প্রতিনিধি শাখাওয়াত হোসেন বলেন, আগামী জানুয়ারিতে জেনিয়ান কেমিক্যাল উৎপাদনে যাবেন। তাদের উৎপাদিত লেড নাইট্রেট শতভাগ রফতানি করা হবে।
চীনা এ প্রতিষ্ঠানটি ছাড়াও শিগগিরই উৎপাদনে দিকে যাবে দেশী কোম্পানি মডার্ন সিনটেক্স। টি কে গ্রুপের এ প্রতিষ্ঠান ২০ একর জমির ওপর কারখানা স্থাপনের জন্য বিনিয়োগ করেছে ১৫০ মিলিয়ন ডলার । তাদের কারখানার নকশা তৈরি করেছে জার্মানির একটি গ্রুপের । প্রতিষ্ঠানটি পলিয়েস্টারের সুতা এবং কাপড় তৈরির ভার্জিন চিপস উৎপাদন করবে। প্রতিষ্ঠানটির প্রতিদিন প্রায় ৪০০ টন উৎপাদনের পরিকল্পনা রয়েছে ।
তাছাড়াও আরো সাতটি শিল্প-কারখানা খুব শিগগিরই পণ্য উৎপাদনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেজার নির্বাহী চেয়ারম্যান। এগুলোর মধ্যে এশিয়ান পেইন্ট ২০, ম্যাকডোনাল্ড স্টিল, মডার্ন সিনটেক্স, যোজু কেমিক্যাল ও জাপানের নিপ্পন স্টিল অন্যতম। নিপ্পন স্টিল এখানে গাড়ি উৎপাদন কারখানা করবে। আর আগামী এক বছরে বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানান বেজার নির্বাহী চেয়ারম্যান।
আনন্দবাজার/এফআইবি








