ইরানের সঙ্গে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চলমান অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, পণ্যটির দাম আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে প্রতিব্যারেল ৭০ ডলার মার্কিন ডলার অতিক্রম করতে পারে। খবর বিবিসি ও রয়টার্স।
পারস্য উপসাগরে ইরানের কর্তৃপক্ষ ব্রিটিশ পতাকাধারী তেলের ট্যাংকার আটকের পর থেকে বিশ্বব্যাপী তেলের দাম কিছুটা ওঠানামা করছে এবং আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী আন্তর্জাতিক জাহাজের যাতায়াতের নিরাপত্তার বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় এবারের গ্রীষ্মে যুক্তরাজ্যে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়তি হতে পারে বলে সতর্ক করেছে মোটরযান নিয়ে কাজ করা একটি ব্রিটিশ সংস্থা ‘এএ’। তেলের যোগান বাধাগ্রস্ত হলে গ্রাহক পর্যায়ে বিশ্বব্যাপী পেট্রোলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতিব্যারেল (ব্রেন্ট) ৬৩ ডলার ২৬ সেন্টে বিক্রি হয়। মঙ্গলবার সকালের প্রতিব্যারেল ৬৩ ডলার ৩৭ সেন্টে বিক্রি হয়।









