করোনাভাইরাস থেকে ব্যাংকগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কম সুদে ঋণ নেওয়ার পর বেশি সুদে সরকারি বিল বন্ড কিনছে ব্যাংকগুলো। বতর্মানে এই মহামারি পরিস্থিতিতে ব্যাংকগুলো এমন ঋণ ব্যবস্থায় বাধ্য হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ। তবে নীতি বহির্ভূত হওয়ায় রেপো সুবিধা নিয়ে যদি সরকারি বিল-বন্ড কেনার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
চলতি মাসে তিন হাজার কোটি টাকা ঋণের জোগান দিতে গিয়ে ২ জুন নিলাম ডাকে কেন্দ্রীয় ব্যাংক। ১১১টি বিডের মধ্যে ১৭টির মাধ্যমে ৯৭৫ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই দিন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে রেপোতে ৮৫৮ কোটি টাকা ধার নিয়েছে ব্যাংকগুলো। আর রেপো সুবিধায় প্রায় ৫ শতাংশে ঋণ নিয়ে ৮ শতাংশের বেশি সুদে সরকারকে ঋণ দিচ্ছে এসব ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি খোন্দকার ইব্রাহিম খালেদ জানান, এখন ব্যাংকের যে অবস্থা তাতে প্রাইভেট সেক্টরে কোনও সুযোগ নেই, আসছেও না তারা। কারণ এর মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ, কে ঋণ নিবে? ফলে এখানে প্রাইভেট চ্যানেলে দেয়ার সুযোগ নেই।
বাংলাদেশ ব্যাংক মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, এক বছরের জন্য রেপোর যে টাকা নিবে সেটা কেবলমাত্র কৃষিক্ষেত্রে এবং এসএমই ক্ষেত্রে লোন দিতে হবে। অন্য কোন পারপাসে বন্ড কেনার ক্ষেত্রে কোন অনুমতি দেওয়া হয় নি । যদি এটা প্রমানিত হয় তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।
আনন্দবাজার/এম.কে









