চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে দুই লাখ টন বেশি বোরো ধান কিনবে সরকার। করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যাপক আকারে ত্রাণ কার্যক্রম চালাতে অতিরিক্ত এই ধান কিনছে সরকার। গতকাল রোববার অতিরিক্ত ধান কেনার অনুমোদন দিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকারিভাবে নগদ টাকার পাশাপাশি ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হচ্ছে। ফলে সরকারি গুদামে যথেষ্ট খাদ্যশষ্য মজুদ রাখতে অতিরিক্ত ধান কেনার সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, ৬৪ জেলার উপজেলাগুলোতে সম্ভ্যাব্য কতটুকু ধান উৎপাদন হয়েছে তা জানিয়ে কোন উপজেলা থেকে কতটুকু বোরো ধান কেনা হবে তাও নির্ধারণ করে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
অতিরিক্ত এই ধানের মধ্যে রংপুর বিভাগ থেকে ৪০ হাজার ৫৭ টন, রাজশাহী বিভাগ থেকে ৩৯ হাজার ৮২৯ টন, ঢাকা বিভাগ থেকে ৫৫ হাজার ১০৫ টন, খুলনা বিভাগ থেকে ২৩ হাজার ৪৭৬ টন, চট্টগ্রাম বিভাগ থেকে ২১ হাজার ৬৩৪ টন, সিলেট বিভাগ থেকে ১৫ হাজার ৬০৮ টন এবং বরিশাল বিভাগ থেকে ৪ হাজার ২৯১ টন কেনা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে এখন পর্যন্ত এক লাখ ৪৩ হাজার ১১৭ মেট্রিক টন চাল এবং ৭৮ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
আনন্দবাজার/টি এস পি









