করোনাভাইরাসের চিকিৎসায় মালয়েশিয়ায় হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানি করবে বাংলাদেশ। মালয়েশিয়া সরকারের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় এই ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করে ছাড়পত্র দিয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশমা উদ্দিন তুন হুসেন হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে একটি চিঠি পাঠান। মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় এই ওষুধ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন করোনা ভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে তার সরকার।
এ প্রসঙ্গে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, মালয়েশিয়া তাদের দেশে করোনা চিকিৎসায় এ ওষুধটি বাংলাদেশের কাছে চেয়েছে। দেশটিতে কিছু পাঠালে আমাদের কোনো সমস্যা হবে না। তবে দেশের প্রয়োজন মিটিয়ে তবেই রফতানি করা হবে। শিগিগরই এই ওষুধের রফতানি শুরু হতে পারে।
আনন্দবাজার/ টি এস পি









