দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে চলতি মাসের শেষ দিনগুলোতে মধ্য অথবা স্বল্প মেয়াদি বন্যা বিস্তৃত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলে দেখা দেয়া বন্যার ফলে অবনতি হতে পারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১০ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়তে পারে। ২৮ জুন নাগাদ ব্রহ্মপুত্র নদীর পানি কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে এবং ২৯-৩০ জুন নাগাদ যমুনা নদীর পানি গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদ, সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ, বগুড়া জেলার সারিয়াকান্দিতে অতিক্রম করার প্রায় শতভাগ সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব জেলায় স্বল্প ও মধ্যমেয়াদি (অন্তত ৫ থেকে ৭ দিন) বন্যা হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বেড়ে যেতে পারে। তবে আপাতত গঙ্গা-পদ্মা নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। পদ্মা নদী মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকুল পয়েন্ট এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে এসব জেলায় স্বল্প ও মধ্যমেয়াদি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট নীলফামারী, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আনন্দবাজার/এম.কে








