নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে অন্যতম হচ্ছে চিনি। দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বাড়তি রয়েছে চিনির দাম। গত এক সপ্তাহের মধ্যে প্রতি বস্তা চিনিতে দাম বেড়েছে ৩২৫ টাকা এবং কেজিপ্রতি দাম বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা। অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক বাড়ানোর ফলে চিনির দাম বেড়েছে বলে জানিয়েছেন মিল মালিকরা।
গতকাল নিতাইগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, সিটি গ্রুপের তীর চিনি প্রতি বস্তা (৫০ কেজি) বিক্রি হচ্ছে ২ হাজার ৮২৫ টাকায়। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৬ টাকা ৫০ পয়সা দরে। একই দামে বিক্রি হচ্ছে মেঘনা গ্রুপের ফ্রেশ চিনি। এক সপ্তাহ আগেও একই চিনি বিক্রি হয়েছিল ২ হাজার ৫০০ টাকায়। এছাড়া অন্যান্য কোম্পানির চিনি বস্তাপ্রতি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
নিতাইগঞ্জের চিনি ব্যবসায়ী সুকান্ত লালা জানান, মিলগেট থেকে চিনির দাম বাড়িয়ে দেয়া হয়েছে। মিল থেকে বেশি দামে চিনি কিনে আমাদের এখন পাইকারি বাজারে ৫৬ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করতে হচ্ছে।
এক চিনি ব্যবসায়ী জানান, চিনির বাজার মূলত নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপের তীর কোম্পানি। এই কোম্পানি যখন দাম বাড়ায় তখন সব কোম্পানি দাম বাড়িয়ে দেয়। তিনি আরও জানান, বাজারে চিনির সবচেয়ে বেশি বিক্রি হয় তীর চিনি ও ফ্রেশ চিনি। বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর উৎপাদনক্ষমতা অনেক কম। যার জন্য তীর ও ফ্রেশ কোম্পানির চিনির সঙ্গে প্রতিযোগিতায় অন্য কোনো কোম্পানিই টিকতে পারে না।
আনন্দবাজার/শাহী









