- গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি
- যাতায়াতে খরচ দ্বিগুণ থেকে তিনগুণ বেশি
দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পেলে বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েতে হয় চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রাজবাড়ী, মাগুরা ফরিদপুরসহ বেশ কয়েকটি জেলার মানুষের।
দেশের সকল সীমান্ত পথে নতুন করে ভিসা চালু থাকলেও দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারত ভ্রমণ ও চিকিৎসা সেবাসহ অন্যান্য প্রয়োজনে যাতায়াতে বাধা থাকায় অন্য চেকপোস্ট দিয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রী-সাধারণকে। ট্যুরিস্ট ভিসায় বেনাপোল-হরিদাসপুর দিয়ে ভারতে যাওয়ার সময় বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বাংলাদেশীদের। যাতায়াত খরচ হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ। সংশ্লিষ্টরা জানান, ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।
জানা গেছে, করোনার কারণে গত ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরের মাধ্যমে ভারতীয় মালামাল আমদানি ও স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ট্যুরিস্টসহ অন্যান্য ভিসার পাসপোর্ট যাত্রী যাতায়াত সম্পূর্ণভাবে স্থগিত করা হয়। সরকারি নির্দেশনার কারণে করোনার সময়ে ভারত ভ্রমণে থাকা বাংলাদেশি নাগরিক আটকে পড়ে। পরবর্তীতে দুই দেশের সরকারি সিদ্ধান্তে ২০২১ সালের ১৭ মে থেকে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দর্শনা আন্তর্জাতিক স্থলপথের মাধ্যমে দেশে ফেরত আনার একটি নির্দেশনা জারি করা হয়। এরমধ্যে ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দর্শনা আন্তর্জাতিক সীমান্তে সড়ক পথে দফায় দফায় নিজ দেশে ফেরার সুযোগ পান।
পরবর্তীতে করোনা কিছুটা কম হলেও ভারতীয় হাই কমিশনের গাফিলতির কারণে বন্ধ থাকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়ক পথে যাত্রী যাতায়াত। তবে, একই সীমান্ত দিয়ে রেল পথে মৈত্রী ট্রেনে টুরিস্ট ভিসার যাত্রীরা ভারত-বাংলাদেশ যাতায়াতের সুযোগ পেলেও দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ রয়েছে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের সড়ক পথ।
ভারত গমনে ইচ্ছুক আনোয়ারুল ইসলাম দোলন বলেন, মানুষ ট্যুরিস্ট ভিসায় দর্শনা-গেদে স্থলপথে যাতায়াত করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে বেনাপোল-হরিদাসপুর দিয়ে ভারত যেতে হচ্ছে। এতে লাইনে দাড়িয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তাছাড়া যাতায়াত খরচ হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ। এতে ইচ্ছা থাকলেও এখনই ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না।
জানতে চাইলে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আবু নাঈম বলেন, ভারতীয় নাগরিকরা গেদে হয়ে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন। ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের জন্য বাই রোড গেদে ভিসাইস্যু না করায় এ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীরা ভারতগমন করতে পারছেন না। তবে সিনিয়র সিটিজেন এবং পাঁচ বছর মেয়াদী ভিসাধারী যাত্রীরা চলাচল করতে পারছেন।
কবে নাগাদ নতুন ভিসা ইস্যু হতে পারে এমন প্রশ্নের উত্তরে আবু নাঈম বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের কনস্যুলেট সূত্রে জানতে পেরেছি দিল্লি থেকে এ চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচলের ব্যাপারে এখনো চিঠি আসেনি। চিঠি আসলেই নতুন করে ভিসা দেয়া শুরু করবে ভারতীয় হাইকমিশন।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।









