রাজধানীর বাজারে কিংবা গলিতে ভ্যানে করে বিক্রি করা হচ্ছে আনারস। এ আনারসের বড় অংশই আসছে রাঙ্গামাটি থেকে। তবে ঢাকা ও রাঙ্গামাটির দামের মধ্যে রয়েছে বিস্তার ফারাক। রাঙ্গামাটির থেকে ১৫ গুণ বেশি দামে আনারস বিক্রি হচ্ছে ঢাকায়।
ঢাকার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি পিস লম্বা আনারস বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। অন্যদিকে গোল ছোট আনারসের পিস বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। ঢাকার বাজারে লম্বা যে আনারস বিক্রি হচ্ছে তার বেশিরভাগ আসছে রঙ্গামাটি থেকে।
এদিকে রাঙ্গামাটির কৃষকরা বলছেন, তারা আনারসের পিস বিক্রি করছেন ৪-৫ টাকা। অর্থাৎ রাঙ্গামাটির থেকে ১৫ গুণ বেশি দামে ঢাকায় আনারস বিক্রি হচ্ছে।
দামের এমন পার্থক্যের কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, ঢাকার পাইকারি বাজারে আনারসের দাম বেশি। পাইকারিতে এক পিস আনারস কেনা পড়ছে ৪০ টাকার ওপরে।
অপরদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, রাঙ্গামাটি থেকে ঢাকায় এখন ঠিকমত আনারস আনা সম্ভব হচ্ছে না। আবার যা আনা হচ্ছে তার গাড়ি ভাড়া অনেক পড়ছে। সব মিলে এক পিস আনারসের পেছনে খরচ পড়ছে ২৫ টাকার মতো।
মিরপুরে ভ্যানে আনারস বিক্রি করা রনি নামের এক বিক্রেতা বলেন, একটা আনারস পাইকারি কেনা পড়ছে ৪০ টাকা। আমরা ৫০ টাকায় বিক্রি করছি। খরচ পরিশ্রম মিলালে খুব একটা লাভ হয় না।
পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, আনারসের দাম এক একদিন এক এক রকম থাকে। এখন সাধারণত ২৫-৩০ টাকার মধ্যে আনারস বিক্রি হচ্ছে। ঢাকার বাহির থেকে এখন মাল আনতে ঠিকমত পরিবহন পাওয়া যাচ্ছে না। আবার যেগুলো পাওয়া যাচ্ছে তার ভাড়া অনেক বেশি। এ কারণে ঢাকায় আনাররেস দাম একটু বেশি।
রাঙ্গামাটির আনারস চাষী জীবন কুমার চাকমা বলেন, ব্যবসায়ীরা বলছে পরিবহন সমস্যার জন্য ফল বেশি কিনতে পারবে না। আবার যা কিনছে তারা সঠিক দাম দিচ্ছে না। প্রতি পিস আনারসের দাম ৪-৫ টাকা দিচ্ছে তারা। এতে তো আমার কীটনাশকের দামও উঠবে না।
আনন্দবাজার/শহক









