করোনার প্রাদুর্ভাবে দেশের তৈরি পোশাক খাতের রফতানি গন্তব্যে দেশগুলোর প্রায় সবকয়টিই এখন আংশিক বা পূর্ণাঙ্গ লকডাউনে। একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিতের পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও গত ২৬ মার্চ থেকে চলছে অঘোষিত লকডাউন। এ পরিস্থিতিতে রফতানি কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। ফলে মার্চে পোশাক খাতে রফতানি কমেছে ২৭ শতাংশ। পোশাক খাতের উৎপাদন ও রফতানিকারক সংগঠন বিজিএমইএ এই তথ্য জানিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত হিসেবের ভিত্তিতে বিজিএমইএ জানিয়েছে, মার্চে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি হয়েছে ১৯৭ কোটি ২২ লাখ ৪০ হাজার ডলার মূল্যের। এর আগে গত বছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ২৬৯ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার। এ হিসাবে রফতানি কমেছে ৭১ কোটি ৮৩ লাখ ডলার বা ২৬ দশমিক ৭০ শতাংশ।
প্রসঙ্গত, চীনের উহানে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় গত ডিসেম্বরের শেষে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তা বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারিতেও তৈরি পোশাকের রফতানি ছিল কমতির দিকে। এ ধারা অব্যাহত ছিল মার্চেও।
আনন্দবাজার/শহক









