করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৮০ জনে দাঁড়াল। এছাড়া এসময়ে ১ হাজার ৫৩২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৬১০ জনে।
রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ এবং ৮ হাজার ৯০৮টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৭টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ৪১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৬ হাজার ৯০১ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৩৩ হাজার ৬১০ জন।
- মারা গেছেন : ৪৮০ জন।
- মোট সুস্থ : ৬ হাজার ৯০১ জন।
- মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৪৩ হাজার ৫৮৩টি।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৪ লাখ ১৭ হাজার ৯৩২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ লাখ ৫৪ হাজার ৩৩৪ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৪৪ হাজার ১৯৬ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৯৮ হাজার ৬৮৩ জন।
- যুক্তরাজ্য: ৩৬ হাজার ৬৭৫ জন।
- ইতালি: ৩২ হাজার ৭৩৫ জন।
- ফ্রান্স: ২৮ হাজার ৩৩২ জন।
- স্পেন: ২৮ হাজার ৬৭৮ জন।
- ব্রাজিল: ২২ হাজার ১৬৫ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ২৩৭ জন।
- জার্মানি: ৮ হাজার ৩৬৬ জন।
- ইরান: ৭ হাজার ৩৫৯ জন।
- মেক্সিকো: ৭ হাজার ১৭৯ জন।









