ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় আজ থেকে পলিথিনে মোড়ানো পোস্টার ছাপা ও প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। তাছাড়া সারাদেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে পলিথিনে মোড়ানো পোস্টার ছাপা ও প্রদর্শন কেন বেআইনি নয়, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
আর এই রুলের জবাব দিতে নির্বাচন কমিশন (ইসি), নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পলিথিনে মোড়ানো পোস্টার লাগানোর বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দিয়েছেন।
আনন্দবাজার/শহক








