দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এসব এলাকায় পড়ছে মাঝারি থেকে ঘন কুয়াশা। আগামীকাল সোমবার (১৮ জানুয়ারি) থেকে এই অবস্থার উন্নতি হলেও শীত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, কাল সোমবার থেকে মূলত তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে যেহেতু কুয়াশা আছে, সূর্যের দেখা মিলছে না, এ জন্য শীতের অনুভূতি থাকবে। আর মঙ্গলবার অথবা বুধবার থেকে শৈত্যপ্রবাহ কাটতে শুরু করবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। তাই এই মাসে শৈত্যপ্রবাহ থাকুক আর নাই থাকুক শীত থাকবে।
গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের নদী অববাহিকায় এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আনন্দবাজার/ডব্লিউ এস








