চলতি সপ্তাহ জুড়ে থেমে থেমে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে হতে পারে বজ্রপাত। এসময় তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও ভ্যাপসা গরম বিরাজ করবে। এইদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। যার প্রভাবে সমুদ্রের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।
নদীবন্দরের সতর্ক বার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আনন্দবাজার/শহক








