বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয়। হিরো আলমের দাবি, বিএনপির লোকজন তার ওপর হামলা চালিয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, হিরো আলম বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং ২০২৩ সালে বগুড়া-৪ আসনে তাকে ষড়যন্ত্র করে হারানো অভিযোগ এনে মামলা করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ সাংবাদিকদের বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা।আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি।
এ বিষয়ে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রহিম রানা সাংবাদিকদের বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন, এটা আমরা শুনেছি। কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কাছে এই বিষয় অভিযোগ দেয়নি।
আনন্দবাজার/ আরবি









