করোনা মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে ৪ হাজার ২৫০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকারের।
গত সোমবার (১১ মে) এই ঋণচুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত তাদের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেছেন।
গত ৭ই মে ফিলিপাইনে অবস্থিত এডিবির প্রধান কার্যালয় করোনা মোকাবেলায় তৃতীয় ধাপে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছিল। সেই অনুমোদিত ঋণেরই গতকাল চুক্তি স্বাক্ষর হলো।
চুক্তিসই শেষে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানান, ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সাক্ষরে আমি খুব আনন্দিত। কেননা, করোনার আর্থ-সামাজিক ক্ষতি পুষিয়ে উঠতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এ ক্ষেত্রে এই অর্থ বাংলাদেশকে পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা করবে।
তিনি আরও জানান, এই সহযোগিতা জীবন ও জীবিকাকে বাঁচানোর লক্ষ্যে। মাত্র এক মাসের মধ্যে এই অর্থ প্রদানের প্রক্রিয়া শেষ করেছি আমরা। আমরা আনন্দিত যে, আমরা এই অর্থ এমন এক সময় হস্তান্তর করতে চলেছি, যেসময় এই অর্থের খুবই প্রয়োজন বাংলাদেশের। আমি বিশ্বাস করি, বাংলাদেশের আগের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, সেই অবস্থায় খুব দ্রুত ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য এবং দরিদ্র ও অরক্ষিতদের রক্ষার মাধ্যমে বাংলাদেশ সেই অবস্থানে ফিরবে।’
এডিবির মতে, এই ঋণ সুবিধা ভোগ করবে বাংলাদেশের দরিদ্র ও অরক্ষিত প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ। এ থেকে প্রায় ১৫ লাখ পোশাক কর্মীকে বেতন প্রদান এবং করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের বিশেষ সম্মানি দেয়া সম্ভাব হবে।
করোনাভাইরাস মোকাবিলা ও দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে এডিবি'র বাইরেও বিশ্ব ব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকেও ঋণ নিচ্ছে সরকার।
আনন্দবাজার/তা.তা









