ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ ১ লাখ টাকা ফেরত পাবেন, এমন একটি তথ্য কিছুদিন যাবত ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমেগুলোতে এসকল প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ( ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রস্তাবিত ‘আমানত সুরক্ষা আইন, ২০২০’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ আহ্বান জানান।এ সকল প্রচারণাকে গুজব বলে দাবি করেন তিনি।
সিরাজুল ইসলাম আরও বলেন, আমি আমানতকারীদের আশ্বস্ত করছি, আগামী কয়েক বছরের মধ্যে দেশে কোনো ব্যাংক বন্ধ হবে না। কাজেই যে যা-ই বলুক না কেন, আতঙ্কিত হবার কিছু নেই।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘আমানত সুরক্ষা আইন, ২০২০’ প্রবর্তন হলে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও এ অধিকার পাবে। আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারি ট্রেজারি বন্ড খাতে বিনিয়োগ করা হয়। এ বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা ও তফসিলি ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রিমিয়ামের মাধ্যমে তহবিলের অর্থ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে শুধু এ তহবিল থেকেই শতভাগ আমানতকারী আমানত বীমার আওতায় আসবে বলে আশা করা যায়।
আনন্দবাজার/তা.তা









