রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী মিছিলে বাধা দিয়েছে পুলিশ। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন ও সারা দেশে ধর্ষণের প্রতিবাদে মিছিলটি শাহবাগ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাচ্ছিল। ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌছালে ধর্ষণ বিরোধী সেই মিছিলে বাধা দেয় পুলিশ।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকেএই ঘটনাটি ঘটে।
দেশব্যাপী চলছে ধর্ষণবিরোধী বিক্ষোভ। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের ধর্ষণ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে দেশের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। পালন করা হচ্ছে নানা কর্মসূচি।
শাহবাগ মোড়ের গণজমায়েত থেকে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় মিছিলটি। আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ থেকে টিএসসির দিকে যায়। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সাথে নিয়ে রওনা দেয় বিক্ষোভকারিরা। কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পরে। একপর্যায়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
'ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানারে ওই গণজমায়েতে অংশ নিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাহিত্যিক, লেখক ও ব্লগাররা।
আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচিতে নানা সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন যুব সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষরাও। এছাড়া টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে।
আনন্দবাজার/এইচ এস কে









