আগস্টের প্রথম সপ্তাহে দেশের বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে। আবার গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ২৭ জুলাই এবং ঢাকার আশপাশে ৩০ জুলাই পর্যন্ত বন্যা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আগামী ১০ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়তে পারে। ২৬ জুলাই নাগাদ এ নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ফলে ২৬ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তবে আগস্টের প্রথম সপ্তাহে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ২৭ জুলাইয়ের পর ক্রমান্বয়ে এসব জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি বাড়তে পারে,। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেমরা পয়েন্টে বালু নদী, মিরপুর পয়েন্টে তুরাগ নদী ও রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
আনন্দবাজার/শহক








