শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বেশি। চলতি বছরের মার্চ মাসে গ্রামে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫২ শতাংশ ও শহরে ৫ দশমিক ৬৯ শতাংশ। চলতি অর্থবছরের ( ২০২১-২০২২) বাজেটে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশের মধ্যে রাখার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু সেই লক্ষ্য ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মার্চ মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদে এমন তথ্য বেরিয়ে এসেছে।
গ্রামে মূল্যস্ফীতির বেশি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শহরের তুলনায় গ্রামে খাদ্য আইটেম বেশি ব্যবহার হয়। ফলে শহরেরে তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার বেশি। তবে, কীভাবে গ্রাম ও শহরে মূল্যস্ফীতি ধরে রাখা যায় সেই জন্য কাজ করছে সরকার।
চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ অতিক্রম করেছে। পরপর তিন মাস গ্রামে ৬ শতাংশ ছাড়ায় মূল্যস্ফীতি। সেখানে শহরে ৬ শতাংশের কম ছিল। মার্চ মাসে গ্রামে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫২ শতাংশ দাঁড়ায়। সেখানে ওই মাসে শহরে দাঁড়ায় ৫ দশমিক ৬৯ শতাংশ।
চলতি অর্থবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শহরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ ও ৫ দশমিক ৫৯ শতাংশ। একই সময় গ্রামে ছিল ৬ দশমিক ৭ শতাংশ ও ৬ দশমিক ৪৯ শতাংশ।
তথ্যানুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৬ দশমিক ২২ শতাংশ। ফেব্রুয়ারিতে ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। খাদ্য খাতে এসময় মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৬ দশমিক ৩৪ শতাংশ। ফেব্রুয়ারিতে ছিল ৬ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে মার্চ মাসে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়। প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্যে, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হার মার্চ মাসে কিছুটা কম।
বিবিএস দেশের ১৪০টি বাজার থেকে পণ্য দামের তথ্য সংগ্রহ করে, যার মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১২টি বাজার রয়েছে। সংস্থাটির প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গড়ে মার্চ মাসে দাম বেড়েছে চাল, আটা, পেঁয়াজ, রসুন, আদা ও হলুদের। এ ছাড়া আলু, বেগুন, ঢেঁড়স ও পেঁপের মতো সবজির দামও বেড়েছে।
যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে সেইভাবে আয় বা মজুরি বাড়ছে না। ফলে মূল্যস্ফীতির চাপে পড়ছেন ভোক্তা। খাদ্যপণ্য কিনতেই তাদের মজুরির বড় অংশ ব্যয় হচ্ছে। গত তিন মাসের মধ্যে জানুয়ারিতে মজুরি বেড়েছে ৫ দশমিক ৯২ শতাংশ, ফেব্রুয়ারিতে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ ও মার্চে ৬ দশমিক ১৫ শতাংশ।
অন্যদিকে এই তিন মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে যথাক্রমে ৫ দশমিক ৮৬ শতাংশ, ৬ দশমিক ১৭ ও ৬ দশমিক ২২ শতাংশ। বিবিএস মজুরির হার নির্ধারণে কৃষি, শিল্প ও সেবা- বড় এ তিন খাতের ৪৪টি পেশাকে বিবেচনা করে। এর মধ্যে কৃষিখাতের পেশা ১১টি, শিল্পের ২২টি ও সেবা খাতের ১১টি পেশা রয়েছে।
আনন্দবাজার/শহক









