দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬৯০জনে।
সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ৬, বরিশালে ১ এবং রংপুরে ১ জন মারা গেছেন। ২৫ জন হাসপাতালে ও ১১ জন নিজ বাড়িতে মারা যান। অপর ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মৃত ৩৮ জনের বয়স:
২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন। ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৫ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৪ হাজার ২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৯০ হাজার ৬১৯ জন। মারা গেছেন: ১ হাজার ২০৯ জন। মোট সুস্থ: ৩৪ হাজার ২৭ জন। মোট নমুনা পরীক্ষা: ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৮০ লাখ ৮ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় সাড়ে ৪১ লাখ ৩৫ হাজার ৫২৩ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৩৫ হাজার ৮৫৬ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৭ হাজার ৮৫৮ জন। ব্রাজিল: ৪৩ হাজার ৩৮৯ জন। যুক্তরাজ্য: ৪১ হাজার ৬৯৮ জন। ইতালি: ৩৪ হাজার ৩৪৫ জন। ফ্রান্স: ২৯ হাজার ৪০৭ জন। স্পেন: ২৭ হাজার ১৩৬ জন। মেক্সিকো: ১৭ হাজার ১৪১ জন। বেলজিয়াম: ৯ হাজার ৬৫৫ জন। ভারত: ৯ হাজার ৫২৪ জন। জার্মানি: ৮ হাজার ৮৭০ জন।
আনন্দবাজার/শহক








