৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের একটি সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় প্রায় ১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, আজকের একনেক সভায় আটটি প্রকল্প তুলে ধরা হয়। তার মধ্যে সাতটির অনুমোদন দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে একটি প্রকল্প।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে ‘সিংড়া-গুরুদাসপুর-চাটমোহর সড়ক প্রকল্প; ‘পুঠিয়া-বাগমারা মহাসড়ক প্রকল্প, ‘সুগন্ধা নদীর ভাঙন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) রক্ষার্থে নদীতীরে স্থায়ী রক্ষাপ্রদ কাজ’ প্রকল্প এবং ‘গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন’ প্রকল্প এবং ‘শিল্প মন্ত্রণালয়ের ‘নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্পও অনুমোদন দেয়া হয়েছে।
আনন্দবাজার/তাঅ









