সম্প্রতি করোনার প্রভাবে জাপান সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নভেল করোনাভাইরাসের প্রভাবে রাষ্ট্রীয় কার্যক্রম তদারকির জন্য ২৮ থেকে ৩১শে মার্চ নির্ধারিত জাপান সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার (৯ই মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মার্চে সব ধরনের আলোচনা সভা বাতিল করেছেন শেখ হাসিনা। শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলীর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে মার্চের কর্মসূচি।
একইসাথে ২৬শে মার্চ স্টেডিয়ামে রাষ্ট্রীয় কুচকাওয়াজ প্রোগ্রামও বাতিল করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায়, গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পূর্বে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু'দিনের বাংলাদেশ সফর পেছানোর খবর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ই মার্চ ঢাকায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আনন্দবাজার/শাহী









