প্রায় দুই বছর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে গাড়ি বিক্রি বেড়েছে। টানা ২১ মাসের মন্দা শেষে গত এপ্রিলে দেশটির গাড়িবাজারের এ প্রবৃদ্ধি নভেল করোনাভাইরাসের সংক্রমণকালে খানিকটা স্বস্তি ফিরিয়ে আনলেও খাতটিকে এ বছর এখনো মারাত্মক সংকটের মধ্য দিয়ে যেতে হবে বলে দাবি সংশ্লিষ্টদের। সিএনএন বিজনেস সূত্রে জানা গেছে।
চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিএএএম) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে চীনে গাড়ি বিক্রি বৃদ্ধির পেছনে অবদান রেখেছে বাণিজ্যিক যানবাহনের চাহিদা। এ মাসে মোট ২০ লাখের মতো গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের এপ্রিল মাসের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। মূলত ২০১৮ সালের জুলাই মাসের পর এই প্রথম দেশটিতে গাড়ি বিক্রি বাড়লো। এ বিক্রি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে ভারী ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহনগুলো। এপ্রিলে এ ধরনের যানবাহনের বিক্রি বেড়েছে প্রায় ৩২ শতাংশ। তবে একই সময়ে যাত্রীবাহী গাড়ি বিক্রির পতন হয়েছে ২ দশমিক ৬ শতাংশ।
মূলত বৈশ্বিক মহামারীর সংক্রমণের বহু আগে থেকেই চীনের গাড়িবাণিজ্য সংকটের মধ্য দিয়ে যচ্ছিল। ২০১৮ সালে প্রায় ৩ শতাংশ পতনের পর ২০১৯ সালে দেশটির গাড়ি বিক্রির পতন হয় প্রায় ৮ শতাংশেরও বেশি। কিন্তু এর পরই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি আরো গুমোট করে ফেলে। হুবেই প্রদেশের শিল্পসমৃদ্ধ শহর উহান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কোটি কোটি নাগরিককে লকডাউনের আওতাভুক্ত করতে বাধ্য হয় চীনের সরকার। এতে চীনজুড়ে বন্ধ হয়ে যায় প্রায় সকল প্রকার কারখানা কার্যক্রম, ধস নামে বিক্রি ও রফতানি খাতে।
আনন্দবাজার/তা.তা









