জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম মহানগরীতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পরিবহণ মালিক গ্রুপ। রবিবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরে গণপরিবহন চলবে বলে জানালেন গ্রুপের সভাপতি।
শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহণ মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে রবিবার সকাল থেকে সেগুলো আবারও চলাচল করবে। আমরা গাড়ি চলাচল বন্ধ করেছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে। আমারা দাবি দিয়েছিলাম জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য অথবা আমাদের গাড়ির ভাড়া বাড়ানোর জন্য। কিন্তু কিছু শ্রমিক নামধারী লোক রাস্তায় পিকিটিং করছে। শ্রমিক নাম দিয়ে রাস্তায় সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করে দেবে এটা হতে পারে না। তারা বিভিন্ন মিল কারখানার গাড়িও বন্ধ করে দিচ্ছে। তারা মানুষকে বিপর্যস্ত আবস্থায় ফেলতে চাচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা গাড়ি চালাবো।’
উল্লেখ্য, গত বুধবার রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরেই বৃহস্পতিবার পরিবহন ধর্মঘটের ডাক দেন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিকরা।
আনন্দবাজার/শহক









