প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখছে সরকার। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হচ্ছে। আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এক কোটি লোক খাদ্য সহায়তা পাবে এটি বাস্তবায়ন হলে। এই এক কোটি লোকের পরিবারের সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে এই ১ কোটি রেশন কার্ড এর মাধম্যে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে।
১৮ এপ্রিল জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে এ সব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত অধিবেশনটি বিকেল ৫টায় শুরু হয়।
করোনা ভাইরাসের জন্য সৃষ্ট পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় বাছাইকৃত এমপিদের নিয়ে চলতি সংসদের সপ্তম এ অধিবেশন শুরু হয়। সংসদ সদস্যরা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন। বেশির ভাগ এমপির মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়া ছিল।
সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। তাই ১৮ এপ্রিল সংসদের অধিবেশনটি বসলো। কারণ এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে।
আনন্দবাজার/এস.কে









